ট্রাফিক সার্জেন্টের সাহসিকতায় বিদেশি পিস্তলসহ দুষ্কৃতিকারী আটক
কে এস ইসলাম :
রাজধানীর মিরপুরে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের এক সার্জেন্টের তাৎক্ষণিক পদক্ষেপ ও সাহসিকতায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে ট্রাফিক মিরপুর বিভাগের দারুসসালাম ট্রাফিক জোনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্ট অনিরুদ্ধ রায় একটি বেপরোয়া গতির হলুদ রঙের নতুন স্পোর্টস কারকে থামানোর সংকেত দেন। চালক প্রথমে গাড়ি থামালেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানান। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে সার্জেন্ট অনিরুদ্ধ রায় চালক ও আরোহীকে তল্লাশির জন্য গাড়ি থেকে নামতে বলেন। এ সময় চালক হঠাৎ দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।
তাৎক্ষণিক ধাওয়া করে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন সেলফি কাউন্টারের সামনে গাড়িটি আটক করা হয়। পরে সংশ্লিষ্ট এলাকার পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) বিকাসুজ্জামান রনিসহ ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণের উপস্থিতিতে গাড়ির আরোহী সাজ্জাদ হোসেন আশিক (২০)-কে আটক করেন।
পরবর্তীতে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন, পিপিএম-বার নৈশকালীন ডিউটি তদারকির সময় সার্জেন্ট অনিরুদ্ধ রায়ের তাৎক্ষণিক সিদ্ধান্ত, সাহসিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি ট্রাফিক সদস্যদের ভবিষ্যতেও এ ধরনের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার নির্দেশনা দেন।
ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ট্রাফিক দায়িত্ব পালনের পাশাপাশি বিভাগের সদস্যরা ৬টি গরু, ৮টি চোরাই ছাগল, একটি ট্রাকসহ তিনজন চোর, নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামালসহ ১৬ জন ছিনতাইকারী এবং ইয়াবা-গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন।
ট্রাফিক মিরপুর বিভাগ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সতর্ক, সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ।