২২ আগস্ট, ২০২৬, ২:০৫ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    ঐতিহ্যবাহী নৌকা বাইচে মুখরিত বুড়িগঙ্গা, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবে ব্যাপক উচ্ছ্বাস

    Md Akber hossainMd Akber hossainসাধারন
    ২১ আগস্ট, ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ

    এম আকবর হোসেন :

    রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

    শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ছয়টি নৌকা বাইচের দল অংশ নেয়।

    নৌকা বাইচ

    নৌকা বাইচকে ঘিরে দুপুর থেকেই বুড়িগঙ্গার দুই তীরে হাজারো মানুষের সমাগম ঘটে। শত শত নৌকা ও ট্রলারে করে পরিবার-পরিজন নিয়ে দর্শনার্থীরা নদীতে ভিড় করেন। প্রতিযোগীদের নৌকার ছন্দময় বৈঠার তালে এবং দর্শনার্থীদের উচ্ছ্বাসে বুড়িগঙ্গা হয়ে ওঠে উৎসবমুখর।

    নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

    উদ্বোধনী বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল অবাধ, সচল ও নিরাপদ করতে সরকার কাজ করছে। বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরীসহ নদীগুলোকে দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরায় ডিএসসিসির এ উদ্যোগের প্রশংসা করেন তিনি।

    ঢাকা ৬ ৭ এর এমপি

    প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাট প্রাঙ্গণে শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, এমপি।

    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নৌকা বাইচ একটি অনন্য আয়োজন। ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আদি ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

    সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকাকে হৃদয়ে ধারণ করতে পারলেই নগরীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে। সেই ভালোবাসা থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ সফল হবে।

    নৌকা বাইচ

    তিনি জানান, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র‍্যালি, নাট্য উৎসব, চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হচ্ছে। পাশাপাশি কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক নির্মাণ ও নদীর পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন হাঁটার পথ তৈরির মতো উন্নয়ন পরিকল্পনাও রয়েছে।

    নৌকা বাইচে প্রথম পুরস্কার অর্জন করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় স্থান লাভ করে সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল এবং তৃতীয় হয় মাদারীপুরের আনিসুর রহমানের দল।

    অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    #হৃদয়ে_ঢাকা৪১৬ #নৌকা_বাইচ #বুড়িগঙ্গা #ঢাকা #ঢাকার_ঐতিহ্য #ডিএসসিসি #নৌকা_বাইচ_২০২৬ #পুরান_ঢাকা #বাংলার_ঐতিহ্য #ঢাকা_৪১৬

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam