শৃঙ্খলা ও সেবার মান বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিসের মহাপরিচালকের
কে এস ইসলাম :
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও আনুগত্যের সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ, এসইউপি। একই সঙ্গে তিনি বাহিনীর চেইন অব কমান্ড অনুসরণ এবং সেবার গুণগত মান অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে আয়োজিত ‘মহাপরিচালকের দরবার’ অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মহাপরিচালক উপস্থিত হলে তাঁকে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে দরবারের দায়িত্ব হস্তান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি। পরে ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরীফ উল্লাহ পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন।
বক্তব্যের শুরুতে মহাপরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে পরিণত করতে সাবেক মহাপরিচালক ও কর্মকর্তাদের অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি দায়িত্ব পালনকালে অপারেশনাল কার্যক্রমে আত্মদানকারী সদস্যদের প্রতিও শ্রদ্ধা জানান। সেবাধর্মী এ প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, কর্মজীবনে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে ফায়ার সার্ভিসের উন্নয়ন এবং কার্যক্রমের গুণগত মান বৃদ্ধিতে ভূমিকা রাখতে চান। এ সময় তিনি বাহিনীর অপারেশনাল কার্যক্রম আরও গতিশীল করা ও সার্বিক মানোন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন।
মহাপরিচালক বলেন, “বাহিনীকে সুশৃঙ্খল রাখতে চেইন অব কমান্ড মেনে চলতে হবে। প্রতিটি সদস্যের তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।”
তিনি অপারেশনাল কার্যক্রমে ফায়ারফাইটারদের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন। একই সঙ্গে পেশাদারত্ব বজায় রেখে জনগণের সেবায় দায়িত্ব পালনের ধারাবাহিকতা অব্যাহত রাখার আহ্বান জানান।
দরবারে সরাসরি উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত মনোযোগ দিয়ে শোনেন মহাপরিচালক। তাঁদের উত্থাপিত প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি যৌক্তিক আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত হন।