১৯ আগস্ট, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    ঢাকায় শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব

    Md Akber hossainMd Akber hossainসাধারন
    ১৯ আগস্ট, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ

    এম আকবর হোসেন :

    ২২ আগস্ট উদ্বোধন, সম্মাননা পাবেন ৫৮ চলচ্চিত্র ব্যক্তিত্ব

    ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ চলচ্চিত্র উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

    আগামী ২২ আগস্ট (শনিবার) বিকেল ৪টায় রাজধানীর মধুমিতা সিনেমা হলে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এ উপলক্ষে বুধবার (১৯ আগস্ট) মধুমিতা হলে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএসসিসি। এতে সভাপতিত্ব করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকাই চলচ্চিত্রের সূচনালগ্ন থেকে বাছাই করা ১৩টি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে প্রদর্শন করা হবে। পাশাপাশি চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৫৮ জন প্রবীণ ও নবীন শিল্পী, পরিচালক, লেখক, সঙ্গীতশিল্পী, গীতিকার ও চিত্রগ্রাহকসহ চলচ্চিত্রের বিভিন্ন শাখার বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা দেওয়া হবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

    চলচ্চিত্র প্রদর্শনীর সময়সূচি

    ২২ আগস্ট: সন্ধ্যা ৬টায় আব্দুল জব্বার খানের ‘মুখ ও মুখোশ’।

    ২৩ আগস্ট: বিকেল ৩টায় খান আতাউর রহমানের ‘নবাব সিরাজদ্দৌলা’ এবং সন্ধ্যা ৬টায় বশির হোসেনের ‘১৩ নং ফেকুওস্তাগার লেন’।

    ২৪ আগস্ট: বিকেল ৩টায় জহির রায়হানের ‘জীবন থেকে নেওয়া’ এবং সন্ধ্যা ৬টায় গাজী মাজহারুল আনোয়ারের ‘নান্টু ঘটক’।

    ২৫ আগস্ট: বিকেল ৩টায় আজিজুর রহমানের ‘অশিক্ষিত’ এবং সন্ধ্যা ৬টায় জহিরুল হকের ‘রংবাজ’।

    ২৬ আগস্ট: বিকেল ৩টায় সুভাষ দত্তের ‘সবুজ সাথী’ এবং সন্ধ্যা ৬টায় অশোক ঘোষের ‘নাচের পুতুল’।

    ২৭ আগস্ট: বিকেল ৩টায় এহতেশাম পরিচালিত ‘দূরদেশ’ এবং সন্ধ্যা ৬টায় শেখ নিয়ামত আলীর ‘দহন’।

    ২৮ আগস্ট: বিকেল ৩টায় দেওয়ান নজরুলের ‘দোস্ত দুশমন’ এবং সন্ধ্যা ৬টায় কাজী জহিরের ‘বধু বিদায়’ প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের চলচ্চিত্র প্রদর্শনী শেষ হবে।

    ডিএসসিসি জানিয়েছে, ‘উৎসবে, গর্বে, দায়িত্বে’ স্লোগানকে সামনে রেখে ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ বর্ষপূর্তি উপলক্ষে চলচ্চিত্র উৎসবের পাশাপাশি সাইকেল র‍্যালি, ম্যারাথন, বৃক্ষমেলা, মঞ্চনাটক, সাঁতার, নৌকা বাইচ ও নগর পরিচ্ছন্নতা অভিযানসহ বিভিন্ন নাগরিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে বিশিষ্ট অভিনয়শিল্পী দিলারা জামান, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি চৌধুরী মাজহার আলী (শিবা শানু), মধুমিতা সিনেমা হলের ব্যবস্থাপক ইফতেখার উদ্দিন নওশাদসহ ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ডিএসসিসি জানিয়েছে, একটি উদার, আধুনিক ও সংস্কৃতিবান্ধব ঢাকা বিনির্মাণের লক্ষ্যে আয়োজিত এ উৎসব সফল করতে সংবাদমাধ্যমের সর্বাত্মক ও ইতিবাচক সহযোগিতা কামনা করা হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam