কেরানীগঞ্জে গ্যাসের লাইনে কাজ করার সময় বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ
কে এস ইসলাম :
ঢাকার কেরানীগঞ্জের বরইতলা এলাকায় একটি বাসায় গ্যাস লাইনের কাজ করার সময় গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ হলেন,রাকিব (১৪), রাজন(২৫)ও সুমন (২৭)।
শনিবার (১১ জুলাই) ভোর প্রায় পাঁচটার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধদের সঙ্গে থাকা সহকর্মী সজীব জানান, শুক্রবার রাতে বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাস লাইনের কাজ করছিলেন তারা। কাজের একপর্যায়ে পাইপলাইনে হঠাৎ বিস্ফোরণ ঘটলে তিন শ্রমিক দগ্ধ হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। দুইজনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম। তাদের শরীরে ড্রেসিং চলমান থাকায় এই মুহূর্তে নির্দিষ্ট পরিমাণ বলা সম্ভব নয়। তিনজনই বর্তমানে আশঙ্কামুক্ত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের কাছ থেকে জানা গেছে গ্যাস লাইনের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। বিষটি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।