১৩ আগস্ট, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    নাগরিকদের হৃদয়ে ঢাকার প্রতি মমত্ববোধ তৈরিতে শুরু হচ্ছে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসব

    Md Akber hossainMd Akber hossainসাধারন
    ১৩ আগস্ট, ২০২৬, ৬:০৪ অপরাহ্ণ

    এম আকবর হোসেন :

    রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি ও ঐতিহাসিক ‘ঢাকা দিবস’ উপলক্ষে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। নাগরিকদের হৃদয়ে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি মমত্ববোধ এবং নগরের প্রতি দায়িত্বশীলতা বাড়াতে আগামী ১ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ শীর্ষক উৎসব।

    বৃহস্পতিবার (১৩ আগস্ট) নগর ভবনের অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

    প্রশাসক বলেন, ঢাকা শহরে জন্মসূত্রে, জীবিকার প্রয়োজনে কিংবা শিক্ষার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করেন। স্থায়ী কিংবা অস্থায়ী—যেভাবেই হোক, এই শহর সবাইকে আশ্রয় দিয়েছে। কিন্তু ঢাকার ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে দৃঢ় বন্ধন তৈরি না হওয়ায় অনেক নাগরিকের মধ্যে শহরটির প্রতি কাঙ্ক্ষিত মমত্ববোধ ও দায়িত্ববোধ গড়ে ওঠেনি।

    তিনি বলেন, এর প্রভাব পড়ছে বর্জ্য ব্যবস্থাপনা, মশক নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণসহ নগরের বিভিন্ন ক্ষেত্রে। নাগরিকদের কাছে ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরার পাশাপাশি শহরের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করাই ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের মূল উদ্দেশ্য।

    থাকছে নানা আয়োজন

    উৎসবকে ঘিরে ইতোমধ্যে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ঢাকার চলচ্চিত্রের ৭০ বছর পূর্তি উৎসবসহ কয়েকটি আয়োজন সম্পন্ন হয়েছে।

    আগামী ১৪ আগস্ট ভোরে ঢাকা গেট থেকে নগর ভবন পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র‍্যালি’। ১৫ আগস্ট মতিঝিলের শাপলা চত্বর থেকে সোয়ারীঘাটের বুড়িগঙ্গা মঞ্চ পর্যন্ত আয়োজন করা হবে ‘ঢাকা হেরিটেজ রান’।

    ১৬ থেকে ২২ আগস্ট সূত্রাপুরের জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চনাটক নিয়ে নাট্যোৎসব অনুষ্ঠিত হবে। ২১ আগস্ট খোলামোড়া ঘাট থেকে ওয়াইজঘাট পর্যন্ত হবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। একই দিন সদরঘাটে শতবর্ষী বিশেষ হেরিটেজ ক্রুজে পর্যটকদের জন্য ভ্রমণের আয়োজন থাকবে।

    ২২ আগস্ট মধুমিতা সিনেমা হলে প্রদর্শিত হবে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো চলচ্চিত্র। ২১ থেকে ৩০ আগস্ট নগরীর বিভিন্ন বিপণিবিতানে অনুষ্ঠিত হবে ‘দ্য গ্রেট ঢাকা সেল’। একই সময়ে নাগরিকদের কাছে ‘লাভ লেটার টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমে ঢাকার প্রতি আবেগ, ভালোবাসা ও অনুভূতির চিঠি আহ্বান করা হবে।

    ২১ থেকে ২৮ আগস্ট শিল্পকলা একাডেমিতে ঢাকাকে নিয়ে নির্মিত মঞ্চনাটক প্রদর্শিত হবে। ২৩ থেকে ২৯ আগস্ট বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে ঢাকাকে নিয়ে নির্মিত পুরোনো নাটক ও অন্যান্য অনুষ্ঠান।

    ২৪ আগস্ট উত্তর ধানমণ্ডির জয়নুল হক শিকদার মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালের হেলিপ্যাডে হেলিকপ্টারের মাধ্যমে ‘পাখির চোখে হৃদয়ে ঢাকা’ উৎসব প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

    ২৮ আগস্ট লক্ষ্মীবাজার থেকে নগর ভবন পর্যন্ত ঘোড়ার গাড়ি, রিকশা, ভিনটেজ গাড়ি ও পালকিসহ বর্ণাঢ্য ঢাকা শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

    ২৯ আগস্ট লালবাগ কেল্লায় মূল উদ্বোধন

    ২৯ আগস্ট বিকেল ৪টায় ঐতিহাসিক লালবাগ কেল্লায় ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের কর্মসূচি রয়েছে। একই সঙ্গে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ বাস্তবায়নে বিশেষ পরিচ্ছন্নতা, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হবে।

    পরদিন ৩০ আগস্ট লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হবে ঘুড়ি উৎসব ও বিশেষ ‘ঢাকা আড্ডা’। সন্ধ্যায় থাকবে ঐতিহ্যবাহী কাওয়ালীসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

    ১ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমিতে শিশু ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং দেশের খ্যাতিমান চিত্রশিল্পীদের অংশগ্রহণে উন্মুক্ত আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হবে। ৫ সেপ্টেম্বর আলমগঞ্জ জেটিতে আয়োজন করা হবে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘পঞ্চায়েতি আড্ডা’।

    ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে নাগরিকদের সম্পৃক্ত করতে আয়োজন

    সংবাদ সম্মেলনে ডিএসসিসি প্রশাসক বলেন, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে ঢাকার যাত্রা শুরু হয়। অন্যদিকে ১৮৬৪ সালের ১ আগস্ট ঢাকা পৌরসভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে আধুনিক নগর প্রশাসনের পথচলা শুরু হয়, যা পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে রূপ নিয়েছে। এ কারণেই ১ আগস্টকে ‘ঢাকা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    তিনি বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান—বাংলাদেশের ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অধ্যায়ের সাক্ষী ঢাকা। সেই ঐতিহ্যকে ধারণ করে পরিচ্ছন্ন, সবুজ, স্মার্ট ও নাগরিকবান্ধব রাজধানী গড়ে তুলতে ডিএসসিসি কাজ করছে।

    ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবকে সফল করতে দেশের সর্বস্তরের নাগরিক, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম এবং দেশি-বিদেশি পর্যটকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam