২০ আগস্ট, ২০২৬, ৭:১৪ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন আজ

    ২০ আগস্ট, ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ণ

    নিজস্ব প্রতিবেদক :

    দীর্ঘ ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের প্লেনারি হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    রাষ্ট্রপতি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

    দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দেবেন। ভোটগ্রহণ শেষে সংসদ কক্ষেই ব্যালট গণনা করে ফল ঘোষণা করবেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

    চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, সংসদের প্লেনারি হলেই ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক সংসদ সদস্যকে একটি করে ব্যালট পেপার দেওয়া হবে। পছন্দের প্রার্থীর পক্ষে নির্ধারিত স্থানে ভোট দিয়ে স্বাক্ষর করার পর ব্যালটটি বাক্সে জমা দেবেন তারা।

    ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে কেন্দ্রে তিনটি ব্যালট বাক্স রাখা হবে। পর্যায়ক্রমে সংসদ সদস্যদের ব্যালট পেপার দেওয়া হবে, যাতে ভোটকেন্দ্রে অতিরিক্ত ভিড় না হয়। প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের কর্মকর্তা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন।

    রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে ভোটগ্রহণের গুরুত্বপূর্ণ অংশ সরাসরি সম্প্রচার করা হবে। চিফ হুইপ জানান, ভোটগ্রহণ শুরুর প্রথম ২০ মিনিট রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা এবং রাষ্ট্রপতি পদে প্রার্থী সংসদ সদস্য হলে তার ভোট দেওয়ার দৃশ্য সরাসরি সম্প্রচার করা হবে। ভোটগ্রহণের শেষ পর্যায়েও সম্প্রচার থাকবে। এরপর ব্যালট বাক্স খোলা, ভোট গণনা ও ফলাফল ঘোষণার কার্যক্রমও সরাসরি দেখানো হবে।

    এবারের নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ বিশেষ গুরুত্ব পাচ্ছে। চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিলে তার সদস্যপদ শূন্য হবে বলে তিনি জানান।

    বুধবার (১৯ আগস্ট) নির্বাচন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্রিফিংয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিন এবারের নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মেয়াদ শেষ হওয়ার আগেই একজন রাষ্ট্রপতির পদত্যাগ এবং দীর্ঘ সময় পর প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ায় এ নির্বাচন নিয়ে সবার আগ্রহ তৈরি হয়েছে।

    সিইসি জানান, ১৯৯১ সালের পর প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আর কোনো রাষ্ট্রপতি নির্বাচন হয়নি। দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার কিছুটা ঘাটতি থাকলেও নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

    নির্বাচন শেষে আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

    দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম