হৃদয়ে ঢাকা-৪১৬’: ডিএসসিসির চলচ্চিত্র উৎসবের উদ্বোধন ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সম্মাননা
এম আকবর হোসেন :
রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব। শনিবার রাজধানীর মতিঝিলের মধুমিতা সিনেমা হলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎসবটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার চলচ্চিত্র ও সাংস্কৃতিক ঐতিহ্যে অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বরেণ্য চলচ্চিত্র শিল্পী, নির্মাতা, কলাকুশলী, সাংবাদিক এবং ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন ডিএসসিসির এ উদ্যোগের প্রশংসা করে বলেন, চলচ্চিত্র শিল্পের বর্তমান সংকট কাটিয়ে উঠতে দর্শকদের রুচি ও পরিবর্তিত সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। একই সঙ্গে এ খাতের উন্নয়নে সরকারের নীতিগত সহায়তা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে পুনরায় গতিশীল করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে। ভালো চলচ্চিত্র নির্মাণ ও দর্শকদের হলে ফিরিয়ে আনতে পারলে দেশের চলচ্চিত্রে আবারও সুদিন ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে চলচ্চিত্রের গভীর সম্পর্ক রয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন ঐতিহাসিক আন্দোলন ও ঘটনাপ্রবাহকে মানুষের কাছে তুলে ধরতে চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঢাকার গৌরবময় ইতিহাস ও সংস্কৃতি দেশ-বিদেশে তুলে ধরতেই এ উৎসবের আয়োজন করা হয়েছে।
তিনি আগামী সাত দিন নগরবাসীকে পরিবার ও প্রিয়জনদের নিয়ে মধুমিতা হলে বিনামূল্যে চলচ্চিত্র উপভোগের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান এবং ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।
সম্মাননা পেলেন যাঁরা
উৎসবে জীবন্ত কিংবদন্তি হিসেবে অভিনেত্রী সুজাতা আজিম, সুচন্দা, আনোয়ারা, ববিতা, নূতন, চম্পা ও শাবনাজ; অভিনেতা উজ্জ্বল, সোহেল রানা, আলমগীর, খাজা নাঈম মুরাদ ও আজাদ রহমান শাকিল; গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান ও মনিরুজ্জামান মনির; সংগীতশিল্পী খুরশিদ আলম ও আবিদা সুলতানা; সংগীত পরিচালক শেখ সাদী খান ও শওকত আলী ইমন; চিত্রগ্রাহক রেজা লতিফ ও শফিকুল ইসলাম স্বপন এবং পরিচালক ছটকু আহমেদ, হাফিজ উদ্দীন, দেলোয়ার জাহান ঝন্টু, মতিন রহমান, সাইদুর রহমান সাঈদ ও আওকাত হোসেন সম্মাননা পেয়েছেন।
এ ছাড়া চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে প্রয়াত গুণীজনদের মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। তাঁদের মধ্যে রয়েছেন পরিচালক আব্দুল জব্বার খান, নাজির আহমেদ, খান আতাউর রহমান, জহির রায়হান, এহতেশাম, মুস্তাফিজ, আমজাদ হোসেন, সুভাষ দত্ত, দিলীপ বিশ্বাস ও চাষী নজরুল ইসলাম; অভিনেতা আবদুল মতিন, খলিল উল্লাহ খান, নায়করাজ রাজ্জাক, রোজী আফসারী, খান জয়নুল, প্রবীর মিত্র ও বুলবুল আহমেদ; গীতিকার গাজী মাজহারুল আনোয়ার; সংগীত পরিচালক আনোয়ার পারভেজ ও আলাউদ্দীন আলী; সংগীতশিল্পী আজম খান ও এন্ড্রু কিশোর এবং চিত্রগ্রাহক আফজাল চৌধুরী ও এম. এ. সামাদ।
চলচ্চিত্র সাংবাদিকতায় অবদানের জন্য চিন্ময় মুৎসুদ্দী, রফিকুজ্জামান, অনুপম হায়াৎ, মাহমুদা চৌধুরী ও আবদুর রহমানকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি ঐতিহ্যবাহী লায়ন সিনেমা হল, আজাদ সিনেমা হল ও মধুমিতা সিনেমা হলকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
মধুমিতা হলে বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শনী
উৎসব উপলক্ষে আগামী ২৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায় মধুমিতা হলে সর্বসাধারণের জন্য বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।
২২ আগস্ট: সন্ধ্যা ৬টা — মুখ ও মুখোশ
২৩ আগস্ট: বিকেল ৩টা — নবাব সিরাজদ্দৌলা; সন্ধ্যা ৬টা — ১৩ নং ফেকু ওস্তাগার লেন
২৪ আগস্ট: বিকেল ৩টা — জীবন থেকে নেওয়া; সন্ধ্যা ৬টা — নান্টু ঘটক
২৫ আগস্ট: বিকেল ৩টা — অশিক্ষিত; সন্ধ্যা ৬টা — রংবাজ
২৬ আগস্ট: বিকেল ৩টা — সবুজ সাথী; সন্ধ্যা ৬টা — নাচের পুতুল
২৭ আগস্ট: বিকেল ৩টা — দূরদেশ; সন্ধ্যা ৬টা — দহন
২৮ আগস্ট: বিকেল ৩টা — দোস্ত দুশমন; সন্ধ্যা ৬টা — বধু বিদায়
ডিএসসিসি জানিয়েছে, একটি উদার, আধুনিক ও সংস্কৃতিবান্ধব ঢাকা বিনির্মাণের লক্ষ্যে ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ কর্মসূচির ধারাবাহিকতায় এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। উৎসবকে সফল করতে সংবাদমাধ্যমের সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।