১৩ আগস্ট, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
    লগইন
    ডিজিটাল গ্রাম
    জাতীয়

    শাহবাগে আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের পরীক্ষামূলক উদ্বোধন

    Md Akber hossainMd Akber hossainসাধারন
    ১৩ আগস্ট, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ

    এম আকবর হোসেন :

    রাজধানীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে শাহবাগ মোড়ে আধুনিক স্বয়ংক্রিয় (অটোমেটিক) ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

    উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বলেন, রাজধানীর অন্যতম প্রধান সমস্যা তীব্র যানজট। প্রতিদিন যানজটে নাগরিকদের বিপুল কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এ সমস্যা টেকসইভাবে মোকাবিলায় প্রযুক্তিনির্ভর ও স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

    তিনি জানান, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ ২০টি ইন্টারসেকশনে আধুনিক সিগন্যাল ব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সরাসরি কারিগরি সহায়তায় শাহবাগ মোড়ে সিগন্যালটির পরীক্ষামূলক কার্যক্রম শুরু হলো।

    ডিএসসিসির ৮ ইন্টারসেকশনে প্রস্তুত সিগন্যাল

    ডিএসসিসি আওতাধীন প্রাথমিকভাবে চিহ্নিত ৮টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এ আধুনিক সিগন্যাল ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে। এগুলো হলো—বাংলামটর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, মিন্টো রোড, কাকরাইল সার্কেল, মৎস্য ভবন, কদম চত্বর, শিক্ষা ভবন ও শাহবাগ মোড়।

    এর মধ্যে শাহবাগ মোড়েই বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় সিগন্যাল কার্যক্রম শুরু হয়েছে।

    আরও ৫০ ইন্টারসেকশনে সম্প্রসারণের পরিকল্পনা

    ডিএসসিসি প্রশাসক জানান, আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার কার্যক্রম পর্যায়ক্রমে আরও বিস্তৃত করা হবে। আগামী কয়েক মাসের মধ্যে ঢাকা মহানগরীর আরও ৫০টি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এ ব্যবস্থা চালুর লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে খুব শিগগিরই ডিএসসিসি এলাকার আরও ২২টি ইন্টারসেকশনে স্বয়ংক্রিয় সিগন্যাল চালু করা হবে।

    তিনি বলেন, নতুন এ ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলে ট্রাফিক পুলিশকে আগের মতো সার্বক্ষণিকভাবে রাস্তায় দাঁড়িয়ে হাতে সংকেত দিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করতে হবে না। এতে একদিকে যান চলাচলে শৃঙ্খলা ও গতি বাড়বে, অন্যদিকে ট্রাফিক পুলিশের দীর্ঘসময় রোদ-বৃষ্টিতে দায়িত্ব পালনের কষ্টও কমবে।

    সিগন্যাল সফল করতে নাগরিকদের সহযোগিতা চাওয়া

    আধুনিক সিগন্যাল ব্যবস্থার সুফল নিশ্চিত করতে চালক, পথচারী ও নগরবাসীর প্রতি ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান ডিএসসিসি প্রশাসক।

    তিনি অবৈধ পার্কিং বন্ধ, সিগন্যাল অমান্য না করা, ট্রাফিক সতর্কীকরণ সাইন ও রোড মার্কিং অনুসরণ, জেব্রা ক্রসিং ব্যবহার এবং নির্ধারিত লেন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইন্টারসেকশনে প্রতিবন্ধকতা সৃষ্টি কিংবা ভাসমান দোকান বসানো থেকে বিরত থাকার আহ্বান জানান।

    ডিএসসিসি প্রশাসক আশা প্রকাশ করেন, আধুনিক এ ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা সফল হলে রাজধানীর কোটি মানুষের কর্মঘণ্টা সাশ্রয় হবে এবং যান চলাচলে আরও শৃঙ্খলা ফিরে আসবে। প্রযুক্তির সুফল ধরে রাখতে ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে।

    তিনি বলেন, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে ঢাকাকে একটি গতিশীল, বাসযোগ্য ও স্মার্ট নগরীতে পরিণত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন ও প্রফেসর ড. মুহাম্মদ হাদিউজ্জামান এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    ডিজিটাল গ্রাম

    বাংলাদেশের অনলাইন সংবাদপত্র

    সম্পাদক: ডিজিটাল গ্রাম টিম

    ডিজিটাল গ্রাম শুধু একটি সংবাদমাধ্যম নয়—এটি গ্রামবাংলার কণ্ঠস্বর। প্রান্তিক মানুষের গল্প, সঠিক তথ্য ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আমরা তুলে ধরি সেই খবর, যা অন্যরা দেখে না।

    যোগাযোগ

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    নিউজলেটার

    সর্বশেষ সংবাদ সরাসরি আপনার ইনবক্সে পান

    মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

    Google Play StoreApple App Store

    অভিযোগ জমা দিন

    আপনার মতামত বা অভিযোগ সরাসরি আমাদের কাছে পাঠান

    © সর্বসত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026 | ডিজিটাল গ্রাম