নারায়ণগঞ্জ আইন কলেজে আধুনিক বহুতল ভবন নির্মাণের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শিক্ষার্থী নেত্রী ইভার
নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জ আইন কলেজের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং একটি নতুন বহুতল ভবন নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন কলেজের শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেত্রী ফাতেমা আক্তার মাহমুদা (ইভা)।
সম্প্রতি কলেজে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক (ডিসি), বিভাগীয় কমিশনার, কলেজের অধ্যাপক টিপু স্যার, অধ্যক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কলেজের সার্বিক উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময় শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা।

তিনি বলেন, নারায়ণগঞ্জ আইন কলেজ দীর্ঘদিন ধরে জেলার আইন শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেলেও অবকাঠামোগত উন্নয়ন সেই অনুপাতে হয়নি। ফলে শিক্ষার্থীরা বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ইভা বলেন, “আমি নারায়ণগঞ্জ আইন কলেজের একজন ছাত্রী হিসেবে চাই আমাদের কলেজে কমপক্ষে পাঁচতলা বা ছয়তলা আধুনিক ভবন নির্মাণ করা হোক। সেখানে থাকবে ডিজিটাল ক্লাসরুম, সমৃদ্ধ লাইব্রেরি, সেমিনার হল, শিক্ষার্থীদের কমনরুম এবং একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ। এতে আইন শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে।”

তিনি আরও বলেন, “আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ জেলায় একটি আধুনিক আইন কলেজ গড়ে তোলা সময়ের দাবি।”
ফাতেমা আক্তার মাহমুদা ইভা জানান, দীর্ঘদিন ধরে তিনি শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা পরিবেশ উন্নয়ন এবং বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে কাজ করে আসছেন। ভবিষ্যতেও কলেজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চান।
এদিকে শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহলের মতে, নারায়ণগঞ্জ আইন কলেজে একটি আধুনিক বহুতল ভবন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা এবং উন্নত লাইব্রেরি প্রতিষ্ঠা করা হলে জেলার আইন শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি দক্ষ আইনজীবী, বিচারক ও মানবসম্পদ তৈরিতে কলেজটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
শিক্ষার্থীরা আশা করছেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে নারায়ণগঞ্জ আইন কলেজের দীর্ঘদিনের উন্নয়ন চাহিদা পূরণ হবে এবং প্রতিষ্ঠানটি আধুনিক শিক্ষার এক অনন্য মডেলে পরিণত হবে।