অস্ট্রেলিয়া যাওয়ার ৮দিন আগে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাওনের
কে এস ইসলাম :
রাজধানীর ফকিরাপুল এলাকায় মোটরবাইক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরাফাত রহমান শাওন (২০)নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।তিনি ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এর বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
রোববার (২২ জুন)রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু আনিফ বলেন, রাতে আর্জেন্টিনার খেলা দেখতে বন্ধুরা মিলে দুটি মোটরসাইকেলে করে ওয়ারীর উদ্দেশে রওনা হন। ফকিরাপুল পানির ট্যাংকির সামনে যাওয়া মাত্রই শাহজাহান নামের এক পথচারী মোটরসাইকেলের সামনে হঠাৎ চলে আসে। তাঁকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে শাওন ও ওই পথচারী গুরুতর আহত হন,পরে স্থানীয়দের সহায়তায় তাঁদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ও পথচারী জাহানকে ভর্তি দেওয়া হয়েছে।
তিনি আরো জানান,আগামী(৩০ জুন)উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল প্রয়োজনীয় সব প্রস্তুতি ও অর্থ পরিশোধ সম্পন্ন হলেও একটি নির্মম দুর্ঘটনায় মুহূর্তেই থেমে গেল তাঁর সব স্বপ্ন।
নিহত শাওনের গ্রামের বাড়ি, গাজীপুর জেলার বড় দেওড়া আনসার আলী রোড এলাকার লুৎফুর রহমান ও সুলতানা আক্তারের একমাত্র সন্তান। বর্তমানে, হাতিরঝিলের মগবাজারের মধুবাগ (মিরবাগ) এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
নিহত শাওনে মা সুলতানা আক্তার কান্নাজড়িত কণ্ঠে জানান, একটু আগেও আমি নিজের হাতে ছেলেকে ভাত মাখিয়ে খাইয়েছি। আট দিন পর বিদেশে যাওয়ার কথা ছিল,সব প্রস্তুতি শেষ, অথচ আজ সে আমাদের ছেড়ে চলে গেল। এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ(পরিদর্শক)মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।তিনি আরো জানান,জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথা ও বাম চোখের ওপর গুরুতর আঘাতের কারণে শাওনের মৃত্যু হয়েছে ও পথচারীর শাহজাহানের অবস্থাও আশঙ্কাজনক।