পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: প্রশাসক
এম আকবর হোসেন :
পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং রাজধানীকে বাসযোগ্য করে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সোমবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ডিএসসিসির আয়োজনে এবং ‘পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডিএসসিসি প্রশাসক বলেন, ঢাকায় আগের তুলনায় গাছপালা অনেক কমে গেছে। বায়ুদূষণের কারণে রাজধানীর পরিবেশ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। পরিবেশ রক্ষা ও কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কমাতে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই।
নিজের শৈশবের স্মৃতিচারণ করে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. আবদুস সালাম বলেন, তাঁর ছাত্রজীবনে বিদ্যালয়টির চারপাশে সুন্দর বাগান ছিল। বর্তমানে সেই পরিবেশ অনেকটাই পরিবর্তিত হয়েছে। সুন্দরবন যেমন ঝড়-ঝঞ্ঝার সময় প্রাকৃতিক সুরক্ষা হিসেবে কাজ করে, তেমনি গাছপালা আমাদের অক্সিজেন দিয়ে জীবন রক্ষা করে।
তিনি জানান, পরিবেশ রক্ষায় সারাদেশে ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ৫০০টি এবং প্রতিটি নির্বাচনী এলাকায় ৫০০টি করে গাছের চারা দেওয়া হয়েছে। এরই মধ্যে কামরাঙ্গীরচরে বৃক্ষরোপণ করা হয়েছে এবং আগামী দুই দিনের মধ্যে খিলগাঁওয়েও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। ডিএসসিসির এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশে ডিএসসিসি প্রশাসক বলেন, আগামী দিনের নেতৃত্ব শিক্ষার্থীদের মধ্য থেকেই গড়ে উঠবে। তাই এখন থেকেই নিজেদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষায় প্রত্যেক শিক্ষার্থীকে নিজ বাড়ি, ছাদ কিংবা টবে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশের সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ এবং মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা ইয়াসমিন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা তুলে দেওয়া হয়।