পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট গ্রহিতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
এম এ হোসেন :
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর উদ্যোগে পূর্বাচল নতুন শহর প্রকল্পে নগরায়ণ ত্বরান্বিত করার লক্ষ্যে আবাসিক প্লটের বরাদ্দগ্রহিতাদের সাথে এক মতবিনিময় সভা অদ্য ১৮ মে ২০২৬ খ্রি. তারিখ সকাল ১১:০০ ঘটিকায় রাজউক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন রাজউক-এর চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম। সভায় বরাদ্দগ্রহিতাগণ বিভিন্ন বিষয় নিয়ে রাজউক-এর সাথে মতবিনিময় করেন এবং তাঁদের প্রত্যাশা ও প্রস্তাবসমূহ তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম বলেন, ধারাবাহিক এ ধরনের মতবিনিময় সভার মূল উদ্দেশ্য হলো পূর্বাচলকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা। তিনি আরও উল্লেখ করেন যে, এ লক্ষ্যে রাজউক সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। পূর্বাচল নতুন শহর প্রকল্পকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ফলে নাগরিক সেবাসমূহ প্রদান আরও সহজতর হবে। পাশাপাশি, এলাকাটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাভুক্ত করার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, আবাসিক বরাদ্দগ্রহিতাগণ নির্দিষ্ট সময়ের মধ্যে প্ল্যান পাসের জন্য আবেদন করলে বিশেষ প্রণোদনা (ফার ইনসেনটিভ) প্রদানের বিষয়টি রাজউক বিবেচনা করছে। এছাড়াও, নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে সড়ক, ড্রেনেজ ব্যবস্থা, শপিংমল, মসজিদসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সভায় রাজউক-এর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় অংশগ্রহণকারী প্লট বরাদ্দগ্রহিতাগণ উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত মতামত প্রদান করেন।