ছিনতাইকারীর ছুরিকাঘাতে ফ্লেক্সিলোড ব্যবসায়ীর দুই লাখ টাকা ছিনতাই
কে এস ইসলাম :
রাজধানীর যাত্রাবাড়ী কোনাপাড়া ফুডপ্লেক্স গলি এলাকায় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আবুল কালাম (৫০) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত।আহত ব্যক্তি ফ্লেক্সিলোডের ব্যবসায়ী। তার কাছে থাকা নগদ প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল)দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রাত পৌনে দুইটায় নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।
আহত আবুল কালামের ছেলে মোঃ আব্রান জানান, প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে আমার বাবা বাসায় ফেরার পথে ওৎ পেতে থাকা ৩-৪ জন ছিনতাইকারী তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। পরে তার কাছে থাকা নগদ দুই লাখ টাকা ও একটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে আমরা খবর পেয়ে আমার বাবাকে উদ্ধার করে প্রথমে একটি হাসপাতালে নেওয়া হয়,পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হলে আমার বাবাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরো জানান, আমাদের নিজ বাসা যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকার তোফাজ্জল প্রধানের ছেলে। তিনি পেশায় ফ্লেক্সিলোড ব্যবসায়ী ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,যাত্রাবাড়ী কোনাপারা এলাকা থেকে ফ্লেক্সিলোড ব্যবসায়ী ছিনতাইকারীর ছুরি- আঘাতে গুরুতর আহত অবস্থায়মেডিকেলে আনা হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে, আমরা জানতে পেরেছি তার কাছে থেকে ছিনতাইকারীরা ২ লক্ষ টাকা ও একটি ব্যাগ নিয়ে গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।