মিরপুরে যৌতুকের জন্য আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ চিকিৎসাধীন গৃহবধূর মৃত্যু
কে এস ইসলাম :
রাজধানীর মিরপুরে স্বামীর আগুনে দগ্ধ হওয়া শিফা বেগম (১৯) নামে এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। যৌতুকের দাবিতে স্বামী সোহেল তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
রোববার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিফার মৃত্যু হয়।
নিহতের বাবা জাহাঙ্গীর আলম জানান, প্রায় আট মাস আগে গার্মেন্টসকর্মী সোহেলের সঙ্গে শিফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শিফার ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হতো।
তিনি অভিযোগ করে বলেন, গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে মিরপুর-২ এলাকার বড় বাগ আমজাদ গার্মেন্টস সংলগ্ন বাসায় সোহেল শিফার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন। তবে ঘটনাটি তাদের পরিবারকে জানানো হয় গভীর রাতে।
তিনি আরো জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিফা নিজেই জানিয়েছিলেন,যৌতুকের লোভে তার স্বামী শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন। দীর্ঘ ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর রোববার বিকেলে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুনুর রশিদ জানান, (২৪ জুন) রাতের দিকে শিফাকে হাসপাতালে আনা হয়। তার শরীরের ৬৫ শতাংশ দগ্ধ ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়।চিকিৎসাধীন অবস্থায় রোববার (০৫ জুলাই) বিকেলে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী, স্বামীর আগুনে দগ্ধ হওয়ার ঘটনায় শিফার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী সোহেল পলাতক রয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।