১৩ আগস্ট, ২০২৬, ১:০৭ পূর্বাহ্ণ
    Login
    ডিজিটাল গ্রাম
    আন্তর্জাতিক

    চীনের অর্থনীতির রূপকার সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই

    rafusoftrafusoftসাধারন
    ১২ আগস্ট, ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ

    রাফু:আন্তর্জাতিক ডেক্স

    চীনের আধুনিক অর্থনীতির অন্যতম রূপকার ও সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি আর নেই। বুধবার (১২ আগস্ট) স্থানীয় সময় সকাল ১১টার দিকে বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় ৯৭ বছর বয়সে তিনি মারা যান। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

    ১৯৯০-এর দশকে চীনের উপ-প্রধানমন্ত্রী এবং পরে ১৯৯৮ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ঝু রংজি। তাঁর নেতৃত্বে রাষ্ট্রায়ত্ত শিল্পে ব্যাপক সংস্কার, আর্থিক ব্যবস্থায় পরিবর্তন এবং বৈশ্বিক বাণিজ্যে চীনের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। চীনকে বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) অন্তর্ভুক্ত করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

    ঝু রংজির নেওয়া অর্থনৈতিক সংস্কারের ধারাবাহিকতায় ২০০০ থেকে ২০১০ সালের মধ্যে চীনের বার্ষিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮ শতাংশের ওপরে ছিল। পরবর্তী সময়ে এসব নীতি চীনের দ্রুত অর্থনৈতিক উত্থানের ভিত্তি শক্ত করে এবং ২০১০ সালে জাপানকে ছাড়িয়ে দেশটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়।

    কঠোর প্রশাসনিক অবস্থান ও ক্ষুরধার বক্তব্যের জন্য ঝু রংজি ছিলেন ব্যাপকভাবে আলোচিত। দুর্নীতির বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল কঠোর। দায়িত্ব নেওয়ার পর এক বক্তব্যে তিনি দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন।

    ১৯২৮ সালে হুনান প্রদেশে জন্ম নেওয়া ঝু রংজির রাজনৈতিক ও প্রশাসনিক জীবন ছিল নানা উত্থান-পতনে ভরা। ১৯৫৭ সালে কমিউনিস্ট শাসনের সংস্কারের প্রশংসা করায় তাঁকে ‘ডানপন্থী’ আখ্যা দিয়ে রাজনৈতিকভাবে কোণঠাসা করা হয় এবং দীর্ঘ সময় গ্রামে নির্বাসনে থাকতে হয়। ১৯৭৯ সালে পুনর্বাসনের পর তিনি ধীরে ধীরে রাজনীতিতে ফিরে আসেন। ১৯৮৮ সালে সাংহাইয়ের মেয়র এবং ১৯৯১ সালে চীনের উপ-প্রধানমন্ত্রী হন।

    সরকারি পর্যায়ে ভুল স্বীকার ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। বন্যায় বাঁধ নির্মাণে দুর্নীতি কিংবা বিদ্যালয়ে বিস্ফোরণে প্রাণহানির মতো ঘটনায় তিনি প্রকাশ্যে দায় স্বীকার ও জনগণের কাছে ক্ষমা চেয়েছেন।

    ২০০৩ সালে প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নেওয়ার পর জনসমক্ষে তাঁর উপস্থিতি ছিল খুবই সীমিত। তবে চীনের দ্রুত অর্থনৈতিক উত্থানের পেছনে তাঁর সংস্কারমূলক ভূমিকার কারণে দেশটির ইতিহাসে ঝু রংজি দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবেন।

    ডিজিটাল গ্রাম

    Online Newspaper of Bangladesh

    Editor: Digital Graam Team

    Digital Graam is more than a news outlet—it's the voice of rural Bangladesh. Through stories of marginalized people, accurate information, and responsible journalism, we bring you the news others overlook.

    Contact

    info@digitalgraam.com

    +8809696861397

    Bangladesh Consulate Office, Block A, House #146, Road 02, Mirpur 11.5, Dhaka 1216, Bangladesh

    Newsletter

    Get the latest news straight to your inbox

    Download Mobile App

    Google Play StoreApple App Store

    Submit a Complaint

    Send your feedback or complaint directly to us

    © All rights reserved 2026 | Digital Graam