পাবনায় প্রতারণা ও অর্থ আত্মসাৎ মামলায় যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
স্টাফ রিপোর্টার:
পাবনার আমিনপুর থানার কালিকাপুর এলাকায় দায়ের করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় যশোরের বাসিন্দা কাজী মো.মামুন হোসেন (৪৫)- এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার নথি ও জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মামলার নথি অনুযায়ী, পাবনার আমিনপুর থানার কালিকাপুর গ্রামের মৃত আব্দুল্লাহ প্রামাণিকের ছেলে মো.মিন্টু প্রামাণিক(৪০)বাদী হয়ে আদালতে এই মামলাটি দায়ের করেন।মামলায় যশোর জেলার কাজী আব্দুর করিম ও মোছা. হামিদা বেগমের ছেলে কাজী মো.মামুন হোসেনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার আরজিতে উল্লেখ করা হয়,২০২৪ সালের (২৭ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে পাবনার আমিনপুর থানার কালিকাপুর এলাকায় বাদীর বসতবাড়িতে প্রতারণা ও অর্থ আত্মসাতের ঘটনাটি ঘটে। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ এপ্রিল বিকেলে আদালতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়েছে,আসামিরা পারস্পরিক যোগসাজশে প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং অর্থ আত্মসাৎ করেছেন। দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় দায়ের করা এই মামলায় অভিযোগকারী পক্ষ দাবি করে, আসামি কাজী মো. মামুন হোসেন অন্যের টাকা আত্মসাৎ করে অসাধু উপায়ে ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার চেষ্টা করেছেন। তবে এসব অভিযোগের বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ এখনো প্রমাণিত হয়নি।
এদিকে ফৌজদারি কার্যবিধির ৭৫ধারায় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।পরোয়ানায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে আসামিকে গ্রেপ্তার করে দ্রুত আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই আদেশের পর আসামি কাজী মো. মামুন হোসেনকে গ্রেপ্তারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।