রাজধানীর যানজট কমাতে কেরানীগঞ্জে রাজউকের অস্থায়ী বাস স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন
এম আকবর হোসেন :
দক্ষিণাঞ্চলের ১৯ জেলার বাস চলাচল সুশৃঙ্খল করার উদ্যোগ, কমবে রাজধানীতে আন্তঃজেলা বাসের চাপ
রাজধানীর যানজট নিরসন ও আন্তঃজেলা গণপরিবহন ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করার লক্ষ্যে ঢাকার কেরানীগঞ্জে ‘রাজউক ঝিলমিল অস্থায়ী বাস স্ট্যান্ড’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম ঝিলমিল আবাসন প্রকল্প এলাকায় এ বাস স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাজধানীর যানজট কমানো এবং আন্তঃজেলা বাস চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা উন্নত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্প এলাকায় দক্ষিণাঞ্চলের ১৯টি জেলায় চলাচলকারী বাসের জন্য অস্থায়ী বাস স্ট্যান্ডটি স্থাপন করা হচ্ছে।
সংশ্লিষ্টরা আশা করছেন, বাস স্ট্যান্ডটি চালু হলে দক্ষিণাঞ্চলগামী আন্তঃজেলা বাসের ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে। পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কে আন্তঃজেলা বাসের প্রবেশ ও চলাচলজনিত চাপ কমবে। এর ফলে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসার পাশাপাশি গণপরিবহন চলাচলেও শৃঙ্খলা বাড়বে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
রাজধানীর ক্রমবর্ধমান যানজট মোকাবিলা, আন্তঃজেলা গণপরিবহনের চাপ নিয়ন্ত্রণ এবং পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।