মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমরুল মল্লিক গ্রেপ্তার
কে এস ইসলাম :
ঢাকার দারুসসালাম থেকে র্যাব-৩-এর অভিযানে গ্রেপ্তার
ঢাকার দারুসসালাম থানাধীন বাগবাড়ি এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইমরুল মল্লিক (৪৩)-কে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) দুপুর ২টা ২০ মিনিটে র্যাব-৩-এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ইমরুল মল্লিক নড়াইল জেলার লোহাগাড়া থানার তেলকাড়া গ্রামের গোলাম রসুল মল্লিকের ছেলে।
র্যাব জানায়, ধৃত আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালে একটি মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর-৫৯৪, তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৮। পরবর্তীতে ওই মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের দণ্ডবিধির ১৯(১)২ ধারায় চট্টগ্রামের অতিরিক্ত দায়রা আদালত-৪ গত ৯ অক্টোবর ২০২৫ তারিখে ইমরুল মল্লিককে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, মামলা দায়েরের পর থেকেই ইমরুল মল্লিক গ্রেপ্তার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। এ সময় তিনি নিজের নাম ও বেশভূষা পরিবর্তন করে ছদ্মবেশে জীবনযাপন করছিলেন।
আদালতের সাজা ওয়ারেন্টের ভিত্তিতে র্যাব-৩-এর গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে বাগবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।