বছরের প্রেমের জের, স্ত্রীকে ঘিরে দ্বন্দ্ব; মিলন হত্যার দুই আসামি ঢাকায় র্যাব-৩ এর জালে
ইসতিয়াক আহম্মেদ :
মোহাম্মদপুর ও রামপুরায় পৃথক অভিযানে ঝালকাঠির চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামি গ্রেফতার
ঝালকাঠির রাজাপুরে দিনমজুর মোঃ মিলন হাওলাদার (২৫) হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে ঢাকা মহানগরীর মোহাম্মদপুর ও রামপুরা এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৩।
গ্রেফতারকৃতরা হলেন— ৪ নম্বর আসামি মোঃ সাইফুল ইসলাম (২৫) এবং ৭ নম্বর আসামি মোঃ আলিম (২৩)। গত ২৫ জুন রাত ১১টা ১৫ মিনিটে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকা থেকে সাইফুল ইসলামকে এবং ২৬ জুন রাত ১২টা ১৫ মিনিটে রামপুরার মালিবাগ বাজার রোডের একটি ভাড়াবাসা থেকে আলিমকে আটক করা হয়।

র্যাব-৩ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত মিলন হাওলাদারের সঙ্গে একই গ্রামের রোজিনা বেগমের প্রায় আট বছরের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক বিরোধ উপেক্ষা করে প্রায় দেড় বছর আগে তারা বিয়ে করেন। এরপর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ আরও তীব্র হয়ে ওঠে। একপর্যায়ে রোজিনার অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে পারিবারিক দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং নিহতের পরিবার দাবি করে, এ ঘটনাকে কেন্দ্র করে মিলনকে হত্যার হুমকিও দেওয়া হয়েছিল।
র্যাবের ভাষ্য অনুযায়ী, পূর্ব শত্রুতার জেরে গত ৪ এপ্রিল ২০২৬ দুপুরে রাজাপুর উপজেলার আদাখোলা এলাকায় আলহাজ্ব হাবিবুর রহমান হিজবুল্লাহ জামে মসজিদের সামনে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে মিলনের ওপর হামলা চালানো হয়। প্রাণ বাঁচাতে তিনি মসজিদে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে হামলাকারীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাজাপুর থানায় হত্যা মামলা দায়েরের পর র্যাব-৩ অভিযানে নেমে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।